Location: Kolkata Posted on: 3/22/2026 2:08:32 AM

একটি নীল জার্সি, পেরেকের আঘাতে আঘাতে বিধ্বস্ত হয়ে যাওয়া একটা ব্যাট আর আমাদের ফেলে আসা শৈশব,কৈশোরের, সবথেকে তীব্র যন্ত্রনার অভিব্যক্তি সম্ভবত এই ছবিগুলো,আজকের প্রজন্ম 'নার্ভাস নাইনটিজ' শব্দটার সঙ্গে সম্যকভাবে পরিচিত হতে পারেনি বলেই মনে হয়, কিন্তু নার্ভাস নাইনটিজ কি আশ্চর্য এক অনুভূতি আমরা সেটা অনুভব করতাম বুকের ধুকপুকানিতে।
স্কোরবোর্ড যখন ৯০ পেরিয়ে ৯৪ কি ৯৮-এ পৌঁছাত, সারা পাড়ায় যেন অঘোষিত কার্ফু জারি হতো। তারপর হঠাৎ যখন সেই ক্যাচটা উঠে যেত কিংবা বলটা প্যাডে লাগত—মুহূর্তেই সব শেষ। শচীন যখন মাথা নিচু করে ড্রেসিংরুমের দিকে হাঁটতেন, আমাদের মনে হতো আমাদেরই কেউ একজন পরীক্ষায় ফেল করে ঘরে ফিরছে। ল্যাম্পের টিমটিমে আলোয় রাতের ডাল-ভাতের থালাটা তখন বিষাদের মতো তিতো লাগত।
এন্টেনার যুদ্ধ আর শীতলপাটির গ্যালারি
লোডশেডিং এর সঙ্গে তখনো পরিচয় হয়নি সুন্দরবনের প্রান্তিক দ্বীপে তখনো কারেন্ট এসে পৌছায়নি তাই শচীন ক্রিজে থাকলে ব্যাটারিচালিত টিভির সামনেই তৈরি হতো আমাদের নিজস্ব গ্যালারি। রিমোটের বিলাসিতা ছিল না, ছিল টিভির খটখটে নব ঘোরানোর সেই যান্ত্রিক শব্দ। ঝিরঝিরে পর্দায় যখন শচীনের হেলমেটটা দেখা যেত, আমরা বুঝে নিতাম—আজও লড়াইটা...